এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: সফটওয়্যার চালু নিয়ে যা জানালেন মহাপরিচালক


editor_post25 প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন /
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি: সফটওয়্যার চালু নিয়ে যা জানালেন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদকঃ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারের তথ্য ইনপুট দেয়া যাচ্ছিলো না। এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। টেলিটককে সফটওয়্যারে স্পেস বাড়ানো ও শিগগিরই সচল রাখতে নির্দেশনা দেয়া হয়। আগামীকাল মঙ্গলবার এই সফটওয়্যার ফের সচল হতে পারে।

সোমবার (১৫ জুন) উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, আমরা টেলিটককে নির্দেশনা দিয়েছি। অতি শিগগিরই সফটওয়্যার চালু হবে। সফওয়্যারে যে পরিমাণ স্পেস দেয়ার কথা ছিলো টেলিটক তা দেয়নি। তবে শিক্ষকদের আর কোনো ভোগান্তি থাকবে না। নির্দ্ধিধায় শিক্ষকরা তথ্য ইনপুট করতে পারবেন।

এর আগে ১২ জুন সফটওয়্যারে স্পেস বৃদ্ধি ও সচল করতে টেলিটককে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ জারি করা হয়। নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। যার মাধ্যমে বদলি নীতিমালা অনুযায়ী শিক্ষকদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহের জন্য মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেয়া হয়েছে এবং সে অনুযায়ী তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। কিন্তু তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালীন বদলির সফটওয়্যারের সার্ভার হঠাৎ করে শাটডাউন হয়ে যাওয়ায় মাঠ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানরা তথ্য দিতে পারছেন না।

এমন পরিস্থিতিতে, বেসরকারি শিক্ষক-কর্মচারী বদলির লক্ষ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের সার্ভার স্পেস বৃদ্ধি করে সফটওয়্যারটিকে দ্রুত সময়ের মধ্যে সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হলো।