বর্ষায় বাগানের যত্নে খেয়াল রাখা জরুরি যে বিষয়গুলো


editor_post25 প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন /
বর্ষায় বাগানের যত্নে খেয়াল রাখা জরুরি যে বিষয়গুলো

নিউজ ডেস্কঃ বর্ষার ভেজা মাটিতে গাছপালা যেমন দ্রুত প্রাণ পায় ও বেড়ে ওঠে, তেমনই একটু অসাবধানতায় শখের বাগান নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে এ সময় গাছে ছত্রাকের আক্রমণ বা শিকড় পচে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

বর্ষার দিনে বাগান সতেজ রাখতে কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। চলুন, জেনে নিই।

নিয়ম করে মাটির আর্দ্রতা পরীক্ষা
বর্ষায় প্রায়ই বৃষ্টি হয় বলে অনেকেই গাছে আলাদা করে পানি দেওয়ার কথা ভুলে যান। নিয়মিত বৃষ্টি হলে সমস্যা নেই, তবে বৃষ্টি না হলে টবের মাটি পরীক্ষা করা দরকার।

মাটির উপরিভাগ শুকিয়ে গেলে অবশ্যই পানি দিতে হবে। আঙুল দিয়ে মাটি ছুঁয়ে পরখ করে নেওয়া ভালো, যদি শুকনো মনে হয় তবেই পানি দিন।

পানি নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি
বর্ষা আসার আগেই টব বা বাগানের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করা উচিত। মাটি খুঁড়ে আলগা না করে দিলে কিংবা মাটিতে বালির পরিমাণ ঠিক না থাকলে পানি আটকে যায়।

আর টবে পানি জমে থাকলে গাছের গোড়া দ্রুত পচে নষ্ট হয়ে যায়। ভেজা মাটির কারণে ছত্রাক ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকিও অনেক বেড়ে যায়।

ছত্রাক ও পোকার আক্রমণ রোধ
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় গাছে নানা রকম পোকা ও ছত্রাকের উপদ্রব বাড়ে। পাতা হলুদ হয়ে যাওয়া, পাতায় সাদা তুলোর মতো ছোপ কিংবা কালচে দাগ পড়া এর অন্যতম লক্ষণ। এই সমস্যা দূর করতে গাছের গোড়া সব সময় পরিষ্কার রাখতে হবে।

বর্ষায় আগাছা খুব দ্রুত বাড়ে, তাই নিয়মিত আগাছা পরিষ্কার করা প্রয়োজন। পাশাপাশি টবের মাটি মাঝে মাঝে আলগা করে দিলে শিকড়ে হাওয়া চলাচল ভালো হয় এবং গাছ সুস্থ থাকে।