
নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বেড়েছে। সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি বেড়ে পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পাউবোর তথ্য অনুযায়ী, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি আজ সকাল ৯টায় ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। এ সময় ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল থেকে এ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে।
ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানি ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। কুড়িগ্রামে ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি নুনখাওয়া পয়েন্টে ২ সেন্টিমিটার, হাতিয়া পয়েন্টে ২ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে সকাল ৯টায় ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে, যা সকাল ৬টা থেকে ২৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। অন্য নদীগুলোর পানিও বাড়ছে।
আপনার মতামত লিখুন :