বিকেএসপিতে‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন


editor_post25 প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ২:০৭ অপরাহ্ন /
বিকেএসপিতে‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’  শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনার ও কর্মশালা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ বিকেএসপি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক তাঁর নিজের খেলোয়ার  জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আধুনিক খেলাধুলায় খেলোয়ারদের ফিটনেস ধরে রাখতে এবং ইনজুরি কাটিয়ে উঠতে এ ধরণের কর্মশালার আয়োজন অত্যন্ত জরুরী ও সমযোপযগী। তিনি বলেন, আমরা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্ট সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ শুরু করেছি। ইতিহাসে প্রথম বারের মতো ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে, যা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ক্রীড়াবিদ ও ট্রেইনিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনাদের অবশ্যই প্রশিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেদের করণীয় ও লক্ষ্য সম্পর্কে নিজেরা সচেতন না হলে খেলায় কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। একই সাথে তিনি এই কর্মশালা থেকে প্রাপ্ত জীবন রক্ষাকারী জ্ঞান শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিন দিনব্যাপী এই সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে অংশগ্রহণকারীদের জন্য ’বেসিক লাইফ সাপোট -এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। মাঠের ভেতর বা বাইরে যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আহত খেলোয়াড়কে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে এখানে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে সুইডেনের  কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।