সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক


editor_post25 প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৪২ অপরাহ্ন /
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক

নিজস্ব প্রতিবেদকঃ প্রবল বর্ষণে সড়কে পানি ওঠায় রাঙামাটির পর্যটন স্পট সাজেকে ৬০০ পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন এ তথ্য নিশ্চিত করেছেন।

রাহুল চাকমা বলেন, ‘সাজেকের মাচালং সড়কে পানি ওঠায় যানচলাচল বন্ধ রয়েছে। যদি বিকেলের মধ্যে সড়ক থেকে পানি সরে যায় তবে আটকাপড়া পর্যটকদের খাগড়াছড়ি সদরে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

তিনি বলেন, ‘আপাতত আটকাপড়া পর্যটকদের কাছ থেকে রুমভাড়া নেওয়া হচ্ছে না। এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেকের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

 

একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস এবং রাঙামাটি জেলায় চলমান টানা ভারি বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় ভূমিধস ও পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি কয়েকটি স্থানে সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে।

এ পরিস্থিতিতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।