সাভারে এনসিপির সভায় বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, পুলিশের তদন্ত কমিটি গঠন


editor_post25 প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ২:১৯ অপরাহ্ন /
সাভারে এনসিপির সভায় বিস্ফোরণ: অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা, পুলিশের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদকঃ সাভারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সোমবার দিবাগত গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে বিস্ফোরক আইনে সাভার মডেল থানায় একটি মামলা (নং-) দায়ের করেন। এছাড়া ঘটনা তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামাদের আসামী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার পরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেনারেটর দিয়ে সমাবেশ চালানো হয়। সমাবেশ চলার পর রাত ৯ টা ৪২ মিনিটে মঞ্চের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিনজন নেতাকর্মী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি নেতাকর্মীদের নিয়ে সাভার মডেল থানায় উপস্থিত হন।

এদিকে এনসিপির সমাবেশে হাত বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

রাতে পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, সমাবেশ চলার সময় কেন বিদ্যুৎ গেল কারা বিস্ফোরণ ঘটিয়েছে এসব বিষয় নিয়েই তদন্ত করা হবে। ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই গ্রেপ্তার করা হবে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।