মুম্বাইয়ে বৃষ্টির তাণ্ডব, ‘রেড অ্যালার্ট’ জারি করে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ


editor_post25 প্রকাশের সময় : জুলাই ৫, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন /
মুম্বাইয়ে বৃষ্টির তাণ্ডব, ‘রেড অ্যালার্ট’ জারি করে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ

নিউজ ডেস্কঃ টানা রেকর্ডভাঙা ভারী বর্ষণে লণ্ডভণ্ড ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও এর আশপাশের এলাকা। গত ২৪ ঘণ্টায় শহরের বেশ কিছু অংশে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কায় আজ রোববার (৫ জুলাই) মুম্বাইজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসীকে চরম সতর্ক থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, শনিবারের প্রবল বৃষ্টির পর আজ রোববারও মুম্বাই এবং এর পার্শ্ববর্তী শহরগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এমন দুর্যোগপূর্ণ অবস্থায় মুম্বাইয়ের নগর কর্তৃপক্ষ ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নাগরিকদের ঘরে থাকার এবং যেকোনো জরুরি সহায়তার জন্য তাদের নিজস্ব হেল্পলাইন নম্বরে (১৯১৬) যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বিএমসির স্বয়ংক্রিয় বৃষ্টিমাপক যন্ত্রের হিসাব বলছে, আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় শহরের বিস্তীর্ণ এলাকায় ২০০ মিলিমিটারের বেশি এবং কিছু কিছু পকেটে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে ভিখরোলি পশ্চিম এলাকায় সর্বোচ্চ ৩১০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ ছাড়া কোলাবা পাম্পিং স্টেশন ও ঠাকুর নগর এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। মালাবার হিল, আন্দেরি, জোগেশ্বরী ও গোরেগাঁওসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাও এখন জলমগ্ন।

শনিবারের মাত্র ১২ ঘণ্টার বৃষ্টিতেই মুম্বাইয়ের নিচু এলাকাগুলো প্লাবিত হয়, বিভিন্ন সড়কে ধস নামে এবং গাছ উপড়ে পড়ে যান চলাচল থমকে যায়। আজ সকালের দিকে বাস ও মেট্রো চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও শহরতলির লোকাল ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে বেশ দেরিতে চলছে বলে জানিয়েছেন যাত্রীরা। রেললাইনে পানি জমে যাওয়ায় সেন্ট্রাল ও ওয়েস্টার্ন লাইনের ট্রেন সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে দুপুরের পর থেকে উপকূলীয় ও নিচু এলাকার বাসিন্দাদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, আজ বিকেলে মুম্বাই উপকূলে ৪ দশমিক ১৯ মিটার উচ্চতার জোয়ারের পূর্বাভাস রয়েছে। এমনকি আগামীকাল সোমবার ভোরেও ৩ দশমিক ৫১ মিটার উচ্চতার আরেকটি জোয়ার আঘাত হানতে পারে।

টানা এই বর্ষণের প্রভাব পড়েছে মুম্বাইয়ের পার্শ্ববর্তী থানে, পালঘর, নবি মুম্বাই এবং পুনে অঞ্চলেও। বহু এলাকায় ভূমিধস ও জলাবদ্ধতার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যাকবলিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনভর মুম্বাই ও এর আশপাশের এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টির এই ধারা আরও কিছু সময় বজায় থাকতে পারে।