
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (২ জুলাই) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে মোঃ মাসুম (২২) এবং চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলি এলাকার মোঃ জামাল শেখের ছেলে মোঃ সোয়েব শেখ (২০)।
পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের তত্ত্বাবধানে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই মোঃ নাফিউল ইসলাম পিপিএমসহ ডিবির একটি দল মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
এ সময় দুই মাদক কারবারিকে ৪২ কেজি গাঁজাসহ আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সাদা রঙের একটি টয়োটা এম-ক্রপ প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দ করা গাড়িটির মূল্য প্রায় ২২ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে পাইকারিভাবে গাঁজা সংগ্রহ করে ঢাকা-আরিচা মহাসড়ক ব্যবহার করে চুয়াডাঙ্গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে পূর্বে একটি ছিনতাই মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :